মানুষে মানুষে বন্ধুতে সাম্প্রদায়িকতা দূর হবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সাম্প্রদায়িকতা নয়, চাই মানবিক বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বলেন, ‘আমরা যে বাংলাদেশ গড়তে চেয়েছিলাম সেই বাংলাদেশ গড়ার জন্য শুধু কিনারায় এসে দাঁড়িয়েছি। এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেই অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব।’

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চা আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। সংগঠনের প্রধান সমন্বয়ক এফ এম শাহীনের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা মাহমুদ।

বৈঠকে সাবেক সেনাপ্রধান মুক্তিযোদ্ধা লে. জে. (অব.) এম হারুন অর রশিদ বীরপ্রতীক বলেন, ‘১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে কবর দিয়ে নতুন চেতনার সৃষ্টি করা হয়েছিল। তবে সেই সময়ের কথা স্মরণ করেই আমরা অসাম্প্রদায়িক দেশ গড়ার চেষ্টা করব।’

গোলটেবিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ক্রিস্টিন রিচার্ডসন, মুফতি ফয়জুল্লাহ আমান।