ক্যাসিনোয় সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নিত করুন : মোশাররফ

ক্যাসিনো কারবারিতে সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

মোশাররফ হোসেন বলেন, যুবলীগের সভাপতি বলেছেন, ৬০টি থানায় ক্যাসিনো ও জুয়া চলেছে, পুলিশ ও র‌্যাব কী করেছে? তারা কি আঙzল চুষছে। আমরা যুবলীগের নেতার ভাষায় বলতে চাই, প্রশাসনের সহযোগিতা ছাড়া এ ধরনের অনৈতিক কাজ চলতে পারে না। সুতরাং আমরাও দাবি করছি, প্রশাসনের যেসব ব্যক্তি সহযোগিতা করছেন– তাদের চিহ্নিত করুন। তিনি বলেন, শুধু নিচ থেকে শুদ্ধি অভিযান করে লাভ হবে না, ওপর থেকে শুদ্ধি অভিযান শুরু করেন। তাহলে শুদ্ধি অভিযান হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আজ আওয়ামী লীগের টোকাইদের পকেটে কত টাকা? এখন চোরেরা ধরা পড়েছে, তাই একেক দিন একেক জনের নাম বলে। পুলিশ ও র‌্যাব তাদের না ধরলেও জনগণ ধরবে। সেই সময় আর বেশি দূরে নেই, যেদিন জনগণই তাদের বিচার করবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালত নির্ভর হতে পারে না। সিদ্ধান্ত জনগণ নেবে। জনগণ বলবে তিনি ভালো না মন্দ। তিনি দোষী না নির্দোষী।

আয়োজক সংগঠনের আহ্বায়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।