ক্লাবে ক্যাসিনো পরিচালনার অনুমতি দেওয়ার অভিযোগে র্যাবের হাতে আটক ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুঁইয়ার কঠোর শাস্তি দাবির পাশাপাশি বিসিবির পরিচালক পদ থেকে অবসারণের দাবি করেছেন মোহামেডানে স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্লাব থেকে লোকমানের বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
‘আমরা বিসিবির সভাপতির কাছে অনুরোধ করছি লোকমানকে পরিচালক পদ থেকে অপসারণ করার’ সংবাদ সম্মেলনে বলেন সাবেক ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায়। অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে লোকমান ভুঁইয়ার জড়িত থাকার নিন্দা জানিয়ে তিনি বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। বলেন, ‘তদন্তের মাধ্যমে ক্যাসিনোর সঙ্গে জড়িত সব ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করানো হোক।’ একই সঙ্গে তিনি মোহামেডান ক্লাবের আয়-ব্যয়ের হিসাবের দাবি জানান সাবেক সভাপতি ওবায়দুল করিমের কাছে।
ক্লাবের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জানান, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার একটি মানববন্ধন করব ‘দুর্বৃত্ত হটাও, বাঁচাও মোহামেডান’ ব্যানারে। সংবাদ সম্মেলনের আগে নিজেরা একটা সভা করেন, যেখানে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, কায়সার হামিদ, ইলিয়াস হোসেন, রুম্মান বিন ওয়ালি সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকিব, ছাইদ হাসান কানন এবং ফজলুর রহমান বাবুল।
গত বুধবার লোকমান ভুঁইয়াকে নিজ বাসা থেকে আটক করে নিয়ে যায় র্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো থেকে ৪১ কোটি টাকা আয়ের কথা স্বীকার করেন বলে র্যাব জানিয়েছে।