জাতিসংঘে ‘আমাদের কাজটা’ করে দিয়েছেন ইমরান: আরএসএস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করে পাল্টা তোপে পড়েছেন তিনি।

কাশ্মীরের ভারতীয় নীতির পেছনে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ-আরএসএসের ‘জাতিবিদ্বেষী’ রাজনীতি রয়েছে বলেও দাবি করেন পাক প্রধানমন্ত্রী।

আরএসএস নিয়ে ইমরানের বক্তব্যে তাকে খোঁচা দিতে ছাড়েননি সংগঠনটির যুগ্ম সম্পাদক কৃষ্ণগোপাল। তিনি বলেন, ‘আমরা যেটা বিশ্বকে বোঝাতে চেয়েছিলাম, আমাদের বদনাম করতে গিয়ে ঠিক সেই কাজটাই করেছেন ইমরান খান।’

সংবাদ প্রতিদিন জানায়, শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী মোদি ও আরএসএসকে আক্রমণ করেছেন। স্বৈরতন্ত্র ও আরএসএস সমার্থক শব্দ বলেও মন্তব্য করেছেন।

জবাবে শনিবার কৃষ্ণগোপাল বলেন, ‘একমাত্র ভারতেই আরএসএস আছে। বিশ্বের আর কোথাও আমাদের কোনো শাখা নেই। তাই পাকিস্তান যদি আমাদের প্রতি রাগ দেখায় তাহলে তারা ভারতের ওপর রাগ দেখাচ্ছে বলেই ধরে নিতে হবে। কারণ, আরএসএস আর ভারত এখন সমার্থক। সারা বিশ্ব আমাদের সেই চোখেই দেখুক। এটাই আমরা চাই।’

জাতিসংঘে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, “নরেন্দ্র মোদি আরএসএসের আজীবন সদস্য। যে আরএসএস হিটলার-মুসোলিনির আদর্শে তৈরি। এরা জাত্যভিমানের উপাসক। আরএসএস ভারত থেকে মুসলিমদের মুছে ফেলার ‘জাতি-শোধন’ তত্ত্বে বিশ্বাস করে।”

‘সাবেক কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- আরএসএস ক্যাম্পে জঙ্গি তৈরি হয়। এই জঙ্গিরাই গুজরাটে ২০০০ জনকে হত্যা করেছিল। ঘরছাড়া হয়েছিল দেড় লাখ মুসলিম’ যোগ করেন তিনি।