কাতারের দোহায় চলতি ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যান। ৯.৭৬ সেকেন্ড টাইমিং নিয়ে প্রতিযোগিতাটিতে স্বর্ণ জিতেছেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।
অ্যাথলেটিকস ট্র্যাকে ১০০ মিটারে সেরা টাইমিং জ্যামাইকার উসাইন বোল্টের, ৯.৫৮ সেকেন্ড। ২০০৯ সালে জার্মানির বার্লিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েন তিনি। জ্যামাইকার গতিমানব বোল্ট অবসরে চলে গেছেন ২০১৭ সালে। তবে দ্রুততম মানবে তার রেকর্ডটি এখনো অক্ষুণ্ন রয়েছে।
২০১১ সালের পর অলিম্পিক ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে স্প্রিন্টে সবার সেরা টাইমিং গড়লেন কোলম্যান। অ্যাথলেটিকসের ইতিহাসে ৬ষ্ঠ দ্রুততম মানব তিনি। আগামী দিনের উসাইন বোল্ট মনে করা হচ্ছে তাকে। ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণ জেতা এই অ্যাথলেট ২০২০ সালের টোকিও অলিম্পিকে নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে অনেকের ধারণা। টাইমিংয়ে পয়েন্ট ১৮ সেকেন্ড কমাতে পারলেই বোল্টের রেকর্ড স্পর্শ করবেন কোলম্যান।
তবে কোলম্যানকে ঘিরে বিতর্ক আছে। গত ১২ মাসে ডোপ টেস্টে ভালো করেননি। অনেকে ‘বিতর্কিত’ বলছেন কোলম্যানকে। ভবিষ্যতে কি হবে সেটা পরে ভাবা যাবে। আপাতত এই সফলতা তিনি উপভোগ করতে পারেন।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন জাস্টিন গাটলিন এবার রৌপ্য জিতেছেন। তার টাইমিং ছিল স্বদেশি কোলম্যানের চেয়ে দশমিক ১৩ সেকেন্ড বেশি।