সৌদি বাদশাহর ঘনিষ্ঠ দেহরক্ষী গুলিতে নিহত

সৌদি আরবের বাদশাহ সালমানের ঘনিষ্ঠ দেহরক্ষী জেনারেল আবদেল আজিজ আল-ফাগহাম গুলিতে নিহত হয়েছেন।

ব্যক্তিগত দ্বন্দ্বে এক বন্ধু তাকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।

বিবিসি জানায়, বাদশাহের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা জেনারেল ফাগহাম এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বন্ধু মামদুহ বিন মেশাল আল-আলীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার রাতে জেদ্দাতে এ ঘটনা ঘটে। জেনারেল ফাগহামকে গুলি করে ফাঁকা গুলি ছুড়ছিলেন মামদুহ। তাকে আত্মসমর্পণ করার জন্য বলা হলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি পুলিশের গুলিতে নিহত হন।

গুলিতে আহত অবস্থায় জেনারেল ফাগহামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় আহত হন আরও সাতজন।

জেনারেল ফাগহাম সৌদি জনগণের মধ্যে বেশ সুপরিচিত ছিলেন। তিনি সৌদি বাদশাহের ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর নিরাপত্তায় তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।