ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে দুলাল হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল রবিবার ভোররাতে বেউরঝাড়ি সীমান্ত এলাকার ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
আহত দুলাল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চুড়ইগদি গ্রামের সবরাতুর ছেলে। তবে পরিবারের লোকজন বিষয়টি গোপন রেখে রংপুরে কোনো এক ক্লিনিকে আহত দুলালের চিকিৎসা করাচ্ছে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু। তিনি বলেন, হাতে ও পায়ে গুলিবিদ্ধের কথা শুনেছেন।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান মো. আকালু মুঠোফোনে জানান, রবিবার ভোররাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে ভারতের অভ্যন্তরে ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের টহল দল দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুলাল গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী জানান, গুলিতে আহত হওয়ার ঘটনা আমরা অবগত নই। তবে ঘটনা জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।