আখাউড়া উপজেলার উমেদপুর গ্রামে ফিরোজ মিয়া (৬০) নামে এক বাকপ্রতিবন্ধীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বজনরা জানান, রাত ২টার দিকে টিনের ঘরের মধ্যে বিকট শব্দ শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ঘরের বাইরে ফিরোজকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফিরোজের ভাগিনা আবু হানিফ জানান, তার মামা বিয়ে করেননি।
কর্তব্যরত চিকিৎসক সানজিদা মাহমুদ জানান, ফিরোজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষাঙ্গে একাধিক সেলাই করা হয়েছে। সুস্থ হতে সময় লাগবে।
এদিকে এ ঘটনায় গতকাল রবিবার ফিরোজের ভাই আনু মিয়া থানায় অভিযোগ করেছেন। তদন্ত কর্মকর্তা আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাশ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।