পাকিস্তানে পর্যবেক্ষক পাঠাচ্ছে বিসিবি

ভবিষ্যৎ সফরসূচি বা এফটিপিতে আগামী বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নির্ধারিত আছে পাকিস্তান সফর করা। কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব না অসম্ভব তা যাচাই করতে বাংলাদেশ থেকে একটা পর্যবেক্ষক দল শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছে। তারা নিরাপত্তা বিষয় খতিয়ে দেখে আসার পর রিপোর্ট করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তারপর ভাববে সফরের বিষয়ে।

এফটিপি অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে বাংলাদেশের সফর। পূর্ণাঙ্গ সফরটিতে খেলার কথা দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কিন্তু ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর লাহোরে সন্ত্রাসী হামলার পর পূর্ণাঙ্গ সফরে কোনো দল পাকিস্তান যায়নি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশকে নিরাপদ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। এখন শ্রীলঙ্কা দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আছে। যদিও লঙ্কান দলের বড় তারকাদের অনেকে নিরাপত্তা ইস্যুতে সফরে যাননি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন, বিসিবি পাকিস্তান সফরের জন্য নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করছে। ‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট হাই কমিশনের সঙ্গে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’  প্রক্রিয়ার কথা জানিয়ে বিসিবি সিইও বলছিলেন, ‘আমরা আশা করছি যে, খুব শিগগিরই একটা পর্যবেক্ষক দল হয়তো পাকিস্তান সফরে যাবে। আমরা চেষ্টা করছি যে, যেহেতু শ্রীলঙ্কা দল এখন পাকিস্তান সফর করছে। ওই সময় যদি তারা অনগ্রাউন্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারে, তাহলে তাদের জন্য আরও সহজ হবে অ্যারেঞ্জমেন্ট মূল্যায়নে।’ প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। এরপর সফরের কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কারণে যায়নি। সে জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণের টাকাও দিতে হয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১৫ সালে সফরে গিয়েছিল। সামনের মাসে (অক্টোবর) আবার সফরে যাচ্ছে তারা।