শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৩টি পাখি অবমুক্ত ডিএসসিসির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৩টি খাঁচাবন্দি পাখি অবমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রবিবার সকালে নগর ভবনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে পাখিগুলো অবমুক্ত করেন।

মেয়র বলেন, শেখ হাসিনা এ দেশে স্বৈরাচারে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ধর্মনিরপেক্ষতা তুলে ধরেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ তার অধিকার ভোগ করতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন। অর্থনৈতিক মুক্তি সংগ্রামের সূচনা করেছেন।

একসময় বঙ্গবন্ধুকে দিয়ে বাংলাদেশ চিনত; এখন শেখ হাসিনাকে দিয়ে চেনে। তিনি বলেন, শেখ হাসিনা আজকে বাংলাদেশকে ছাপিয়ে বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছেন, এটা বিশ্বে বিরল ঘটনা।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ ও সচিব মো. মোস্তফা কামাল মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।