গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে জাপান টোব্যাকো কোম্পানির ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টার দিকে ওই এলাকার ঢাকা-জয়দেবপুর সড়কো সিয়াম ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় জাপান টোব্যাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হয়েছেন।
নূরুল হক রতন জানান, বেলা ১১টার দিকে তার সঙ্গে আরও ছয় কর্মচারীসহ ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে তাদের অফিস থেকে কিছুটা দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে ঢাকা-জয়দেবপুর সড়কে হেঁটে কিছু দূর যাওয়ার পর ৫-৬ জন ছিনতাইকারী তাদের ওপর আচমকা হামলা করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কাওসার আহমেদ চৌধুরী জানান, ছিনতাইকারীদের হামলায় নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হয়েছে।
এ ঘটনায় মালিক নূরুল হক রতন বাদী হয়ে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে ফাঁকা গুলি করার বিষয়টি তিনি নিশ্চিত নন বলে জানিয়েছে।