পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে ছেলের আত্মহত্যা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক বাবার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি সত্য’।

নিহত সাদিক ঢাকা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আত্মহত্যার কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

সাদিকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মাথায় গুলির চিহ্ন আছে।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, দুপুরে সাদিকের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। তার মাথার ডান পাশে একটি ছোট ক্ষত চিহ্ন দেখা যায়।

তিনি বলেন, একটি গুলি তার মাথার ডান পাশ ভেদ করে বাম পাশের চামড়ার নিচে আটকে ছিল। গুলিটি উদ্ধার করা হয়েছে। এই গুলির কারণেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের অন্য কোথাও আর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।