রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিকের চোখ তুলে নেওয়ার হুমকির অভিযোগে শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেকক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর দায়ে কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- রাবি শাখা ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাশেম ও উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক সংস্কৃত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল হক।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও সাংবাদিক আব্দুর রহমান আশিকের রুমে গিয়ে ‘চোখ তুলে নিবো’ বলে হুমকি দেন। ঘটনাস্থলে উপস্থিত আরেক সাংবাদিককেও তারা তুই-তোকারি করেন।