কারাগারের সাক্ষাৎকার কক্ষে গৃহবধূর শ্লীলতাহানি, যুবকের কারাদণ্ড

কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করার কক্ষে গৃহবধূর (১৮) শ্লীলতাহানির দায়ে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড হয়েছে। সোমবার যশোর কেন্দ্রীয় কারাগারের এ ঘটনা ঘটে।  

দণ্ড পাওয়া আহমেদ কস্তির (৩০) বাড়ি যশোরের চৌগাছা উপজেলার পুরোহোতা গ্রামে। ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ডাদেশ দেয়।

জেলার আবু তালেব জানান, ওই গৃহবধূ তার মায়ের সঙ্গে বন্দি বাবাকে দেখতে কারাগারে এসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কারাগারের বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করার ঘরে এক নারী চিৎকার করে ওঠেন। কারারক্ষীরা এগিয়ে গেলে তিনি পাশে দাঁড়ানো এক যুবকের বিরুদ্ধে তার শরীর স্পর্শ করার অভিযোগ করেন। এ সময় কারারক্ষীরা তাকে আটক করে জেলারের কাছে নিয়ে যান।

গৃহবধূ জানান, প্রথমবার বিষয়টি বুঝতে পেরে অন্য স্থানে সরে গেলেও ভিড়ের মধ্যে ওই যুবক আবার তার শরীর স্পর্শ করে।

ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ কারাগারে আসেন। তিনি কারাগারের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পরে তিনি কারাগারে তার কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসান। সেখানে জিজ্ঞাসাবাদে যুবকটি অপরাধ স্বীকার করে।