ভারতে রাষ্ট্রভাষা হিসেবে হিন্দিকে চালানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সেখানকার বাংলা প্রেমীরা। এরই ধারাবাহিকতায় বেশ কিছু সংগঠন সিদ্ধান্ত নিয়েছে তারা পূজায় বাংলা গান বাজাবে। বেশ কিছুদিন আগেই বাংলা ভাষা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে তারা। তারই ফলস্বরূপ এবার পশ্চিমবঙ্গে বিশেষ করে মেদিনীপুর জেলার প্রত্যেকটা পূজা মণ্ডপে বাংলা গান বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার ফলও পাচ্ছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই একাধিক প্যান্ডেলে বাজছে নতুন ও পুরোনো বাংলা গান।
ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায়, মহানগরে পূজার বাংলা থিম সং থাকলেও মেদিনীপুর জেলার নিজস্ব কোনো গান ছিল না। এবার জেলাটির ব্যান্ডগুলো নিজস্ব থিম সং নিয়েও হাজির হচ্ছে।
২০১৮ সালেই পারিজাত ব্যান্ড একটি মণ্ডপের থিম সং গেয়েছিল। এ বছর বাংলায় পূজার থিম সং গাওয়ার প্রবণতা আরও বেড়েছে।
পূজায় বাংলা গান বাজানোর এই নতুন প্রবণতাকে স্বাগত জানিয়েছে সংস্কৃতিপ্রেমীরা। কেউ কেউ বলছেন পূজায় বাংলা গান বাজবে তাও আবার নিজেদের কণ্ঠে নিজেদের সুরে, এটা সত্যিই গর্বের বিষয়।