সংসদে প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ আসন চায় ন্যাডপো

জাতীয় সংসদে ১০ শতাংশ প্রতিবন্ধী আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজেবল পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ন্যাডপো সভাপতি আবদুস সাত্তার দুলাল বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে ২ কোটি ৭০ লাখ প্রতিবন্ধী নাগরিক রয়েছে– যারা আট কোটি মানুষের পরিবারভুক্ত। অথচ তাদের জন্য কোনো ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই।’

মানববন্ধনে সরকারের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন সভাপতি। সেগুলো হলো– স্থানীয় সরকার নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ আসন সংরক্ষণ করা, প্রতিবন্ধীদের থেকে সরকার যে কর নিচ্ছে তার ১০ শতাংশ প্রতিবন্ধীর ক্ষমতায়ন ও উন্নয়নে ব্যয় করা, দেশের সব অবকাঠামো-যানবাহন-শিক্ষা-স্বাস্থ্য প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করা, উচ্চশিক্ষায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তি ও উন্নয়ন’ বিভাগ চালু করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার-উন্নয়নে পলিসি, পরিকল্পনা নিতে ন্যাডপোর প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

মানববন্ধনে ন্যাডপোর মহাসচিব মো. শহিদুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।