সহকর্মীর মেয়েকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

ঝালকাঠিতে সহকর্মী নারী শিক্ষকের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম জাকির হোসেন। তিনি বড় কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সহকারী শিক্ষক জাকির হোসেন তৃতীয় শ্রেণিতে বাংলা বিষয়ে পাঠদানের সময় অনেক দিন ধরে শিশু ছাত্রীটিকে যৌন নিপীড়ন করে আসছিলেন। গত ২১ সেপ্টেম্বর রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। শিশুটির মা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি তার সহকর্মীর বিরুদ্ধে নিজের মেয়েকে যৌন নিপীড়নের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত  অভিযোগ দেন। এরপর রবিবার রাতে কাঁঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি) মো. এনামুল হক বলেন, যৌন নিপীড়নের শিকার ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু আইনের ১০ ধারায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার শিক্ষককে গতকাল সোমবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।