ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। এই সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে ওঠার হুমকি দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে এই আল্টিমেটাম দেন ওই ডাকসু নেতা। গণরুম সমস্যার সমাধান ও নবীন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভর্তির দাবিতে এই ছাত্র সমাবেশের আয়োজন করেন গণরুমের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত।
তানভীর হাসান সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন সংকট। বর্তমান শিক্ষার্থীরা এখনো গণরুমে রাত কাটাচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি। কিন্তু এর মধ্যে নতুন করে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগের শিক্ষার্থীরাই এখনো সিট পায়নি। সেখানে নবীন শিক্ষার্থীরা এলে সংকট আরও জটিল হবে। আমরা চাই নতুন শিক্ষার্থীদের ভর্তির আগে বর্তমানদের আবাসন সুবিধা নিশ্চিত করা হোক।
তিনি আরও বলেন, গণরুমে থাকার কারণে একজন শিক্ষার্থী ঠিকভাবে ঘুমাতে পারে না, পড়াশোনা করতে পারে না। এমনকি জীবন ধারণের ন্যূনতম সুবিধাটাও তারা পায় না। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে। তাই প্রশাসনকে আগামী ১৫ কার্যদিবস সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে থাকা শুরু করব।
সমাবেশে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বিজয় বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হয় সেটা আমরা ভর্তির আগে কখনো ভাবিনি। আমাদের গণরুমগুলোতে পড়ার কোনো চেয়ার-টেবিল নেই, থাকার জায়গা হয় না। আবার লেজুড়বৃত্তিক রাজনীতির পেছনে অধিকাংশ সময় দিতে হয়।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেল থেকে সদস্য নির্বাচিত হন সৈকত। নির্বাচনের আগে গণরুম সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু বিষয়টি আলোচনা করে সমাধান না করতে পেরে আন্দোলনে নেমেছেন। নিজের সিট ছেড়ে গণরুমে উঠেছেন এই নেতা।