ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী চলমান অভিযান নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাত্র দুজন ধরলেন। এদের আমি চুনোপুঁটি বলি না, টোকাই ধরলেন মাত্র।’
তিনি বলেন, ‘এই প্রকারের টোকাইয়ের পকেট থেকে যদি এত টাকা বের হয়, তাহলে আপনাদের রাঘববোয়ালদের পকেট থেকে কত টাকা বের হবে এটা দেশবাসী জানতে চায়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষকদল আয়োজিত মানববন্ধনে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন- আপনি ঘর থেকে শুরু করেছেন শুদ্ধি অভিযান। আপনার এ বক্তব্যকে স্বাগত জানাই। ইনশা আল্লাহ, খুব তাড়াতাড়ি আপনি রাঘববোয়ালদেরও ধরবেন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘মাত্র কয়েক দিন আগে পূজা উপলক্ষে ভারতকে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার দেওয়া হয়েছে। ৫০০ টাকা কেজি হিসেবে ওখানে গেছে। আমরা বাংলাদেশের জনগণ আত্মীয়তা ভালোবাসি, পছন্দও করি। বিনিময়ে আমরা কী পেলাম জানেন- ফারাক্কার ১০৯টা স্লুইসগেট খুলে দিয়েছে বন্যায় ডুবিয়ে দিতে।’
তিনি বলেন, ‘দেশে এখন পেঁয়াজ এর দাম ১২০ টাকা। আমাদের এক মন্ত্রী নাকি সচিব বললেন- উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। পেঁয়াজ কত টাকা দাম হলে আপনি উদ্বিগ্ন হবেন এই কথাটা একটু জানাবেন?’
কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য এসকে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।