‘দ্য হান্ড্রেড’-এ নিলামে সাকিব

‘দ্য হান্ড্রেড’ বা ১০০ বলের ক্রিকেটের প্রথম আসর হবে ২০২০ সালের ১৬ জুলাই থেকে ১৭ আগস্ট। ইংল্যান্ডের সাতটি শহরের আটটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। তবে এই টুর্নামেন্টের খেলোয়াড়দের নিলাম হবে চলতি মাসেই। অভিষেক আসরের নিলামের জন্য মনোনীত খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম।

বার্মিংহাম, লিডস, সাউদাম্পটন, নটিংহ্যাম, ম্যানচেস্টার ও কার্ডিফের একটি করে দল এবং লন্ডনের দুটি দল খেলবে। প্রতিটি দলে থাকবে মোট ১৫ খেলোয়াড়। খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। ৩ অক্টোবর হবে প্রথম ধাপের নিলাম। সেদিন সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় দলে টানা যাবে। এরপর ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে চূড়ান্ত নিলাম।

গতকাল প্রকাশ করা হয়েছে নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের সবাই আছেন নিলামে। আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া অভিজ্ঞ ক্রিকেটাররাও। নিলামে আরও আছেন পাকিস্তানের বাবর আজম-শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক-ফাফ ডু প্লেসি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথ-অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, উইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ডের মতো তারকারা।