প্রধান বিচারপতির এজলাস কক্ষে জাতির পিতার প্রতিকৃতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এজলাস কক্ষে টানানো হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি টানানো হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানীসহ উচ্চ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ আগস্ট হাইকোর্ট এক আদেশে ২ মাসের মধ্যে দেশের সকল আদালতে জাতির পিতার প্রতিকৃতি টানানো ও তা সংরক্ষণের নির্দেশ দেয়।