সম্রাটের বিচার করা হবে: হানিফ

ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আইনের আওতায় এনে তার বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেছেন, অপরাধীর কোনো দল নেই, তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। অপরাধী সে যেখানেই থাকুক না কেন, তাকে ধরা পড়তেই হবে। তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, সমাজ থেকে সব ধরনের অনিয়ম, দুর্নীতি উচ্ছেদ করাই আমাদের মূল লক্ষ¨। আমরা সেটিই করে যাচ্ছি। তিনি বলেন, ঢাকা শহরে ইতিমধ্যে কয়েকটি ক্লাবের অিস্তত্ব পাওয়া গেছে, সেগুলোকে কঠোরভাবে দমন করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। ঢাকার বাইরে যদি এমন খবর পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ মুহিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দেন হানিফ। জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম নাহিদ।