উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে জাপানি কোস্টগার্ড ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, পরমাণু নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফকে উদ্ধৃত করে ইয়োনহাপ বুধবার জানায়, কাংউন প্রদেশের ওনসান এলাকা থেকে সাগরের পূর্ব দিকে কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র সাগরে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়েছে।
গত ১০ সেপ্টেম্বরের পর এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংলাপ ভেস্তে যাওয়ার পর গত মে মাস থেকে এনিয়ে ১১তম বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের কথা জানিয়েছে। স্টাফ পর্যায়ের এই সংলাপের নেতৃত্ব দেবেন বিশেষ দূত স্টিফেন বিয়েগান।
দুই কোরিয়ার অসামরিক অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং-উনের মধ্যে বৈঠকের ধারাবাহিকতায় এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।