ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে আবারও সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ওই সড়কে ঝিনাইদহ-চুয়াডাঙ্গাগামী সকল প্রকার যানবাহন আটকে থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে গত ৯ মাস ধরে বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা।
গত বুধবার ক্লাস-পরীক্ষা চালু ও এনওসি পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। সে সময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে ১ ঘণ্টা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের গত মঙ্গলবার পর্যন্ত দেওয়া আল্টিমেটামের পরও অনাপত্তিপত্র না দেওয়ার কারণে বুধবার আবারও সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টায় মহাসড়ক অবরোধ তুলে নিলেও অনশন কর্মসূচি পালন করছেন।