ভাড়া বাড়ানোসহ নয় দফা দাবিতে রাজধানীতে তিন দিন ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। ১৫ থেকে ১৭ অক্টোবর এই ধর্মঘট পালন করা হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ ঘটে। অটোরিকশা মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন নিয়ে গঠিত এ পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু সেখানে ধর্মঘটের ঘোষণা দেন।
সংগঠনটির নয় দফা দাবির মধ্যে রয়েছে- ঢাকা মহানগরীসহ ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, প্রাইভেট অটোরিকশার বাণিজ্যিক ব্যবহার বন্ধ, সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করে ‘নো পার্কিং’ মামলা ও ডাম্পিং না করা, রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনবিহীন সকল মোটর সাইকেল ও প্রাইভেটকারের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা, ভাড়া বৃদ্ধি, সরকারের নির্ধারিত দৈনিক জমার নিয়ম বাস্তবায়ন, সরকার নির্ধারিত ফির বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া বা নবায়ন, গাড়ি চোর, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী, চালক হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অটোরিকশাকে শিল্প হিসাবে ঘোষণা, বিআরটিএ কর্তৃক গড়িমসি এবং গ্রাহক হয়রানি বন্ধ করা।
এসব দাবিতে ৬ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর থানা পর্যায়ে কর্মীসভা ও গণসংযোগ, ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মালিক-শ্রমিক সমাবেশ হবে বলে পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু জানান।