রাস্তায় অসুস্থ তরুণীকে দেখে গাড়ি থেকে নেমে পড়লেন মমতা

রাস্তা দিয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির বহর। এ সময় তিনি রাস্তার পাশেই এক অসুস্থ নারীকে শুয়ে থাকতে দেখেন গাড়ি থেকে। সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করেন তৃণমূল নেত্রী।

সংবাদ প্রতিদিন জানায়, চতুর্থীতে দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো সুরুচি সংঘের মণ্ডপ উদ্বোধন করেন মমতা। চেতলা থেকে বেরিয়ে দুর্গাপুর ব্রিজ ধরে নিজের কার্যালয়ে ফিরছিলেন তিনি।

নিউ আলিপুরের কাছে আচমকাই রাস্তার পাশে দেখেন, এক তরুণী অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। তখনই গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মমতা তাকে নির্দেশ দেন, দ্রুত যেন তরুণীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

নির্দেশ পেয়েই ফিরহাদ ওই তরুণীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। অসহায় মেয়ের সাহায্যে মুখ্যমন্ত্রী নিজ থেকে এভাবে এগিয়ে এসেছেন, তা শুনেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে তরুণীর পরিবার।

এর আগেও বেশ কয়েকবার এভাবে চলার পথে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল মমতাকে। কখনো তিনি ভিড়ের রাস্তায় নিজের বহর থামিয়ে যাত্রীবাহী গাড়িকে যেতে সুযোগ করে দিয়েছেন। কখনো বা গাড়ি থেকে নেমে দরিদ্র গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেছেন।