চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। সাবধান থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই শুরু করেছেন। সেই সুযোগ কোনো অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।’ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ সব বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশের দুর্বৃত্তয়ানের রাজনীতি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটি ইতোমধ্য শুরু করেছেন। যারা ত্যাগের সময়ে ছিলেন, জাতির পিতার বঙ্গবন্ধুর অদর্শ বিশ্ব করেন তারা কখনো দুর্বৃত্তায়নের রাজনীতির সঙ্গে জড়িত হতে পারে না’।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘জামিন পেলে খালেদা জিয়া বিদেশে যাবেন এ কথা বিএনপি নেতা বলছেন। জানি না এ কথা তারা দায়িত্ব নিয়ে বলেছেন কি না। জামিন দেওয়ার এখতিয়ার আসলে আদালতের। আদালতকে জামিন দেওয়ার কথা আমরা কীভাবে বলব। বিচার বিভাগ তো স্বাধীন’।
যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা আন্দোলন সংগ্রামের সময়ে কোথায় ছিল? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এ সব দুর্নীতিবাজ ডনদের আন্দোলন সংগ্রামের সময়ে দেখিনি। এরা তখন কোথায় ছিলেন? যখন রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খেয়েছে এরা তো তখন মাঠে ছিল না’।
গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।