স্মৃতিপদক পেলেন দুজন

সাংবাদিক দীপঙ্করের মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় স্মরণসভা

বগুড়ায় গতকাল বুধবার সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের ১৫ বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

বেলা ১১টায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে স্মরণসভা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, নির্বাহী সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ।

এবারই প্রথম ‘দীপঙ্কর চক্রবর্তী স্মৃতিপদক’ প্রদান শুরু করে। প্রথমবার এ পদক পেয়েছেন দৈনিক উত্তরকোণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার এবং দৈনিক কালের খবরের প্রধান সম্পাদক আবদুল মোত্তালিব মানিক।

২০০৪ সালের ২ অক্টোবর রাতে বগুড়ার শেরপুরে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে দুর্বৃত্তদের হাতে নিহত হন সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী।