নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার সত্যভান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মৃত সিরাজুল হকের ছেলে শাজাহান মিয়া (৫৫), তার স্ত্রী কাতিমুন নেছা ও মা সাজিকুন নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য সদস্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গেপ্তার করতে পারেনি।
আহত শাজাহান মিয়ার ছেলে শাকিল জানান, তার চাচা সুরুজ মিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে তারা জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় তার বাবা শাজাহান মিয়া তাতে বাধা দিলে প্রতিপক্ষ রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে তার মা কাতিমুন নেছা ও দাদি সাজিকুন নেছাসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘মারামারির ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। পারিবারিক ও জায়গা জমির বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের দ্রæত গ্রেপ্তার করা হবে।