সাড়ে ৫০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্র্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি করেন। কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার কমিশন থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ছাড়া সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, অবৈধভাবে প্লট গ্রহীতা মো. এনামুল হক, আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস. এম খোদেজা নাহার বেগম, ডা. মো. রবিউল ইসলাম স্বপন, মো. মাহফুজুল হক ও মো. খায়রুল আলম।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৬ সালে আরপিএর আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে নিয়ম বহির্ভূতভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে সিদ্ধান্ত নেন। নিয়মনীতি অনুসরণ না করে কার্যবিবরণীতে উল্লেখ করে ও জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত আটটি দরপত্রে উদ্ধৃত দর অনুমোদন করেন।