ডেমরায় চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

রাজধানীর ডেমরায় চোর সন্দেহে মো. রাজ (২৬) নামে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ডেমরার উত্তর সানারপাড় ওষুধ ফ্যাক্টরির গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডেমরা থানার পরিদর্শক মো. সেলিম।

রাজ পশ্চিম বক্সনগরের সুলতান মিয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রাজ খাবার চাইতেন। মঙ্গলবার রাত ১২টার দিকে সানারপাড়ে একটি বাড়িতে খাবারের জন্য ঢুকে পড়লে চোর সন্দেহে ধরে প্রথমে বেঁধে রাখা হয়। পরে কয়েকজন রাজকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

ডেমরা থানার পরিদর্শক মো. সেলিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।