চুরির দায়ে পাখি গ্রেপ্তার, সমালোচিত পুলিশ

চুরির অপরাধে ডাচ পুলিশ গ্রেপ্তার করে একটি পাখিকে! এরপরে রাখা হয় লোহার গারদে। এই নিয়ে দেশটিতে প্রতিবাদের ঝড় উঠেছে। পরে পাখিটিকে ছেড়ে দেওয়া হয়।

নেদারল্যান্ডসের একটি দোকানে চুরির অভিযোগে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। অভিযুক্তের একটি পোষা পাখি ছিল।

ডাচ পুলিশের দাবি, চুরির ঘটনায় মালিককে সাহায্য করেছে পাখিটি!‌ পুলিশ যখন অভিযুক্তকে গ্রেপ্তার করে, তখন মালিকের কাঁধের ওপর বসেছিল পাখিটি।

ডাচ পুলিশ আবার গোটা ঘটনায় বেশ মজা পেয়েছে। পাখিটির ছবিসহ ইনস্টাগ্রামে ডাচ পুলিশের তরফে পোস্টে লেখা হয়েছে, “আমরা সম্প্রতি দোকানে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি। আরও একজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। যে কিনা অভিযুক্তের কাঁধের ওপর বসেছিল।”

ছবিতে দেখা যাচ্ছে, পাখিটিকে পাউরুটি ও পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য।

পুলিশ আরও দাবি করেছে, অভিযুক্তের সঙ্গে কথা বলার পরেই গারদে ঢোকানো হয় পাখিটিকে।

সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়ে যায় দ্রুত। পশুপ্রেমীরা ঘটনাটির তীব্র নিন্দা করেন। পুলিশও চাপে পড়ে অভিযুক্তসহ পাখিটিকে ছেড়ে দিয়েছে।