লিভারপুলকে জেতালেন সালাহ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এক পর্যায়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েও স্বস্তিতে ছিল না লিভারপুল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনটি গোলই শোধ করে ফেলে রেড বুল সালসবুর্গ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে পার্থক্য গড়ে দেন মোহামেদ সালাহ।

অ্যানফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে ৪-৩ গোলের জয় পায় প্রতিযোগিতাটির বর্তমান শিরোপাধারী লিভারপুল। দুই অর্ধে দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

নিজেদের মাঠে ম্যাচ শুরুর নবম মিনিটে রবের্তো ফিরমিনোর পাসে লিভারপুলকে এগিয়ে নেন সেনেগালিস উইঙ্গার সাদিও মানে। এরপর স্কটিশ ল্যাফট-ব্যাক অ্যান্ড্রু রবের্টসন ও সালাহ একটি করে গোল পেলে ব্যবধান ৩-০ করে স্বাগতিক দল।

বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি-চ্যানের নৈপুণ্যে একটি গোল শোধ করে সালসবুর্গ। বিরতি থেকে ফেরার পর চার মিনিটের ব্যবধানে দুটি গোলে ম্যাচে সমতা ফিরিয়ে বসে দলটি। একটি গোল করেন জাপানিজ ফরোয়ার্ড তাকোমি মিনামিনো ও ইংলিশ স্ট্রাইকার এরলিং হেল্যান্ড।

৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও লিভারপুলকে লিড এনে দেন সালাহ। এবারও গোলটিতে অবদান রাখেন ফিরমিনো। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল।

প্রতিযোগিতাটির এবারের আসরে এটা লিভারপুলের প্রথম জয়। আগের ম্যাচে নাপোলির মাঠে খেলতে গিয়ে ২-০ গোলের হার নিয়ে ফিরেছিল তারা। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইয়ুর্গেন ক্লপের দল টেবিলের দ্বিতীয়স্থানে আছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।