ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্বাডোস ট্রাইডেন্টস। দলের এই জয়ে বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব আল হাসানের।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া ম্যাচটিতে ৭ উইকেটের জয় পায় বার্বাডোস। দুই বল হাতে রেখেই জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় সাকিবরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৪ রান করেন ত্রিনবাগো। প্রথম ওভারেই ওপেনিং ব্যাটসম্যান জেমস নিশামকে কট অ্যান্ড বোল্ড করেন সাকিব। এরপর ৪৫ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলা ল্যান্ডি সিমন্সের উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশ ক্রিকেটের এই ‘পোস্টার বয়’।
সাকিব ছাড়াও বার্বাডোসের হয়ে দুটি করে উইকেট নেন পেসার হ্যারি গার্নি ও স্পিনার হেইডেন ওয়ালস।
জবাবে ব্যাটিংয়ে নেমে বার্বাডোসকে উড়ন্ত শুরু এনে দেন জনসন চার্লস (৫৫) ও অ্যালেক্স হেলস (৩৩)। থিতু হয়ে ফেরেন সাকিব। নিশামের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৪ বলে ১৩ রান করেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে দলকে জয় এনে দেন জেপি ডুমিনি ও অ্যাশলি নার্স জুটি।
এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্বের খেলা শেষ করেছে বার্বাডোস।