দুই মাস পর খুলল কাশ্মীরের স্কুল, উপস্থিতি নেই শিক্ষার্থীদের

প্রায় দুই মাস পর ফের খুলল জম্মু-কাশ্মীরের সব স্কুল। আগস্টের শুরুতে অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এত দিন বন্ধ ছিল সেখানকার স্কুলগুলো।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার থেকে সব স্কুল খুললেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কম। প্রত্যেক স্কুলেই হাতেগোনা শিক্ষার্থী দেখা গিয়েছে।

গত মাসেও একবার উপত্যকার স্কুল খোলার চেষ্টা করেছিল প্রশাসন। তবে তা সফল হয়নি। শিক্ষকেরা স্কুলে গেলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল হাতে গোনা। বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে কাশ্মীরিরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না, এমন ভাষ্যও পাওয়া যায়।

এত দিন স্কুল বন্ধ থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের জন্য কোনো টিউশন ফি ও বাস ফি ছাত্রছাত্রীদের থেকে নেওয়া যাবে না, এমন নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ৯ অক্টোবর থেকে খুলে যাবে কাশ্মীরের সব কলেজও।