ভারতের জার্সিতে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকানোর পর যেন আরও বেশি সতর্ক মায়াঙ্ক আগরওয়াল। মনোমুগ্ধকর ব্যাটিংয়ে শতকটিকে দ্বিশতকে রূপ দিলেন ডানহাতি এই ব্যাটার! তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় দাঁড় করাচ্ছে টিম ইন্ডিয়া।
রোহিত শর্মার ব্যাট থেকে ডাবল সেঞ্চুরি অল্পের জন্য মিস হলেও আগরওয়াল ডাবল সেঞ্চুরি হাঁকালেন সহজেই। চেতেশ্বর পূজারা ৬ ও অধিনায়ক বিরাট কোহলি ২০ রান করে আউট হয়ে গেলেন। কিন্তু থামানো যায়নি আগরওয়ালকে।
দুইশো রান করতে ৩৫৮টি বল খেলেছেন আগরওয়াল। এর মধ্যে রয়েছে ২২টি চার ও পাঁচটি ছক্কার মার।
বিশাখাপত্মতে টেস্টের প্রথম দিন ৮৪ রানে অপরাজিত ছিলেন আগরওয়াল। বৃহস্পতিবার সকাল সকালই পান তিন অঙ্কের দেখা। সেঞ্চুরি পূর্ণ করেন ২০৪ বল খেলে। পরের শতক হাঁকান ১৫৪ বল খেলে। স্মরণীয় ইনিংসটি খেলার পথে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ৩১৭ রানের জুটি গড়েন আগরওয়াল।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের রান সাড়ে চারশো ছুঁই ছুঁই। হাতে আছে ছয় উইকেট।