প্রার্থী হচ্ছেন না ডিএ তায়েব, মৌসুমী জুটি গড়বেন ইলিয়াস কোবরার সঙ্গে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে আবারও সরগরম হয়ে উঠছে চলচ্চিত্রাঙ্গন। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

এদিকে মৌসুমীর সঙ্গে নির্বাচনী জুটি গড়ার কথা ছিল ডিএ তায়েবের। তবে শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন না ডিএ তায়েব। দেশ রূপান্তরকে ডিএ তায়েব বলেন, ‘আমি এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু সমিতির নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিতে নিযুক্ত কেউ প্রার্থী হতে পারবে না। সে কারণে আমাকে সরে দাঁড়াতে হলো। তবে প্রার্থী না হলেও আমি নির্বাচনে থাকছি।’

এদিকে চিত্রনায়ক ওমরসানী অভিযোগ করেছেন মৌসুমীর প্যানেল থেকে অদৃশ্য কারণে অনেকেই সরে যাচ্ছে। এমনকি কার্যনির্বাহী পদে দাঁড়ানোর কথা বলেও অনেকে কেটে পড়েছে। তাদেরকে ফোনেও পাচ্ছেন না মৌসুমী। এমন অভিযোগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ানোর মনস্থির করেছিলেন মৌসুমী। তবে শেষ পর্যন্ত তা করতে হচ্ছে না।

অভিনেতা ইলিয়াস কোবরা মৌসুমীর প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থীতা করবেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ডিএ তায়েব। তিনি বলেন, ‘মৌসুমী আপার প্যানেল ভেস্তে যাবার যে খবর শুনেছেন তা ঠিক নয়, আমার পরিবর্তে সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস কোবরা প্রার্থীতা করবেন। ফলে মৌসুমী আপার প্যানেল হচ্ছে।’

অন্য প্যানেল থেকে সভাপতি নির্বাচন করবেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জায়েদ থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু নানা কারণে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি।

বর্তমান সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে ২৫ অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন।