দুর্গাপূজায় সহিংসতার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে রাজধানীর কোথাও কোনো সহিংস হামলার তথ্য নেই। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

এবার রাজধানীর বিভিন্ন এলাকায় ২৩৩ পূজামণ্ডপে পূজার আয়োজন চলছে। এর মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষষ্ণ, বনানী ও কলাবাগানের দুর্গা পূজাকে ‘বিশেষ’ শ্রেণিভুক্ত করেছে ডিএমপি। এই পূজামণ্ডপে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এ ছাড়া সিদ্ধেশ্বরী কালিবাড়ি, রমনা কালীবাড়ি, বসুন্ধরা সর্বজনীন দুর্গাপূজা, উত্তরা ও কৃষিবিদ ইনস্টিটিউটের পূজামণ্ডপে ‘বৃহত্তম’ শ্রেণিভুক্ত করে সে মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরে দুই তারকা চিহ্নিত ৮৬টি, ৭৭টি এক তারকা এবং ৬১টি মণ্ডপকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। সব মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি বিশেষ নিরাপত্তা কৌশল গ্রহণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, সব মন্দির সিসি ক্যামেরায় মনিটর করা হবে। আর্চওয়ের ভেতর দিয়ে প্রত্যেককে প্রবেশ করতে হবে মণ্ডপে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজক কমিটির আর্মড ব্যাচ অথবা বিশেষ পোশাক পরিহিত আলাদা স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। যেসব পূজামণ্ডপে ভিভিআইপিরা যাবেন, সেগুলোতে এখন থেকেই নজরদারির মধ্যে রাখা হয়েছে।