রাজধানীর বাড্ডায় গতকাল বৃহস্পতিবার একটি মাছের খামারে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে সাকিব মিয়া (১৬) ও তানভীর মাহতাব সামি (১৫)। তারা দুজনই পূর্ব বাড্ডার হাজী আলমাস আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তাদের বাসা বাড্ডা পোস্ট অফিস গলিতে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম জানান, দুপুর দেড়টার দিকে স্কুল থেকে সাত বন্ধু মিলে বের হয় আফতাবনগর মাঠে ফুটবল খেলতে। তখন আলমগীরের মাছের খামারে একটি নৌকা পেয়ে তারা সাতজনই ওই নৌকায় ওঠে। নৌকায় কোনো মাঝি ছিল না। তারা নিজেরাই নৌকাটি বেয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে কিছুতেই ঠিকমতো বাইতে পারছিল না। এমন করতে করতেই একসময় নৌকাটি ডুবে যায়। পরে তাদের মধ্যে পাঁচজন সাঁতরে পাড়ে ওঠে। সামি আর সাকিব পানিতে তলিয়ে যায়।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টায় তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।