প্যারোল নয়, পুনরায় খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে : জয়নুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে নয়, জামিনে মুক্ত করতে পুনরায় আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অ্যাডভোকেট জয়নুল বলেন, ‘যখনই আমরা তার জামিনের আবেদন নিয়ে সোচ্চার হই তখনই একটা খবর এসে যায় যে, খালেদা জিয়া প্যারোলে চলে যাচ্ছেন। এই যে প্যারোল নিয়ে রাজনীতি ও গুঞ্জন এতে খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার বার বার বলছে তাদের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে। কিন্তু খালেদা জিয়া নির্দোষ, তিনি কেন দোষ স্বীকার করবেন? তিনি জানিয়েছেন প্যারোলের কোনো আবেদন তিনি করবেন না, তিনি জামিনের হকদার।’

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, ‘সরকার একদিকে বলছে আদালত জামিন দিলে তাদের কোনো আপত্তি নেই। অথচ আমরা যখন আদালতে জামিনের আবেদন করি তখন সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বিরোধিতা করা হয়। যে কারণে বারবার আবেদন করার পরও তিনি জামিন পাচ্ছেন না। যদিও এ ধরনের মামলায় কখনো সরকারপক্ষ থেকে এভাবে জোরালো আপত্তি করতে দেখিনি।’

তিনি আরও বলেন. ‘খালেদা জিয়ার মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জামিন পাওয়ার হকদার। আমরা জামিনের জন্য পুনরায় আদালতে যাব। যদি সরকার হস্তক্ষেপ না করে তাহলে তিনি জামিন পাবেন।’