শরীর ভালো যাচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাই চেকআপের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর গেলেন তিনি। রাত ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বিএনপি মহাসচিব।
গত ৩০ সেপ্টেম্বর রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পিকআপ ভ্যানের ওপর ছিটকে পড়ে আহত হন মির্জা ফখরুল। এরপর তাকে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাতে ঢাকায় ফিরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, পরপর কয়েকটি বিভাগীয় সমাবেশ করে অসুস্থ হয়ে পড়েছিলেন মির্জা ফখরুল। এ ছাড়া তার ব্লাড সুগার বেড়ে গিয়েছিল। এর আগে গত ১৫ মে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন গত ২৩ মে।