মেহেরপুরে ‘দুই দল সন্ত্রাসীর’ মধ্যে গোলাগুলিতে ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি চুয়াডাঙ্গার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ায়। বাবার নাম মৃত সাদেক আলী।
বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে যায় পুলিশ। পরে এলাকার একটি আমের বাগানে বাক্কা নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী নিহতের পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন তিনি সন্ত্রাসী ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।