চিড়িয়াখানায় লোহার উঁচু বেড়া টপকে ভেতরে ঢুকে পড়েছিলেন এক নারী। কাছেই ঘুরছিল একটা সিংহ। ওই নারীকে ওভাবে ঢুকতে দেখে থমকে দাঁড়ায় সিংহও।
জি নিউজ জানায়, সিংহের খাঁচায় ঢুকে বিচিত্র অঙ্গভঙ্গি করে নাচতে শুরু করেন ওই নারী! মাত্র হাত দশেক দূরে দাঁড়িয়েছিল সিংহ। তবে ভাগ্যগুণে প্রাণে বেঁচে গেছেন ওই দর্শনার্থী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রনস্ক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবারের ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রত্যক্ষদর্শীদের চেঁচামেচিতে অল্প সময়ের মধ্যেই সেখান থেকে সরে যান ওই নারী আর সিংহটিও কোনও রকম আক্রমণ করেনি।
এদিকে ওই নারীর কাণ্ড-কারখানায় বেজায় চটেছে ব্রনস্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।