প্রকাশ্যে বিক্রি হচ্ছে শেয়াল ও বনবিড়ালের মাংস (ভিডিও)

শেয়াল ও বনবিড়ালের মাংস খেলে সব রোগ ভালো হয়- এমন ধুয়া তুলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের গহেরের ডাঙ্গা এলাকায় চলছে প্রকাশ্যে এসবের মাংস বিক্রি।

এ ঘটনায় উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় বন্যপ্রাণী ধরে এ ব্যবসা করে আসছেন গেন্দুকুড়ী গহেরের ডাঙ্গার বাসিন্দা মো. আবু কালাম (৩০)।

তাদের অভিযোগ, তার সহযোগী হিসেবে শেয়াল ও বনবিড়ালের মাংস বিক্রিতে জড়িত খোরশেদ আলম ভুইয়া (২৮), আলমগীর হোসেন (২২), জমু শেখ (৪৮), আ. মান্নান (৫০)। এভাবে মাংস বিক্রির প্রচার লাভের আশায়  ফেসবুকে জবাই করা শেয়াল ঝুলিয়ে তার চামড়া ছাড়ানোর ভিডিও প্রকাশ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এটা বিক্রি করি মানুষের অসুখ সারানোর জন্য। এটা খেলে অনেক অসুখ সারে।

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, তারা বন্য পশু নিধন আইন লংঘন করেছে, তাই আমি তাদের আইনের আওতায় এনে শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এটা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা নুরনবী বাদল বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।  

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।