কাশ্মীরের শ্রীনগরের বাদগামে পাকিস্তানী হেলিকপ্টার ভেবে নিজেদের এমআই১৭ ভি ফাইভ সিরিজের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছিল ভারতীয় বিমান বাহিনী।
ফেব্রুয়ারি মাসে এ ঘটনা ঘটে। এতে তাদের ৬ সদস্য এবং এক সাধারণ নাগরিক নিহত হয়েছিল।
শুক্রবার পাকিস্তানী ভেবে গুলি করে হেলিকপ্টারটিকে নামানোর সিদ্ধান্ত একটা ‘বড় ভুল’ ছিল বলে স্বীকার করেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া।
তিনি বলেন, ‘এটি একটি বড় ভুল ছিল। আমরা এটিকে মেনে নিয়েছি।’
তদন্ত শেষে এয়ার চিফ মার্শাল রাকেশ ভাদুরিয়া শুক্রবার জানান, ‘আমাদের ক্ষেপণাস্ত্রটিই আঘাত করে ওই হেলিকপ্টারটিকে। এটি প্রমাণিত হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
যাদের ভুলে ওই ঘটনা ঘটেছে সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে বোমাবর্ষণ করার একদিন পরেই শ্রীনগরের কাছে বাদগামে গুলি করে নামানো হয় এমআই১৭ ভি ফাইভকে।
বিচারবিভাগীয় তদন্তে দেখা গেছে, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম থেকে মিসাইল ছুঁড়ে হেলিকপ্টারটিকে নামানো হয়েছিল। বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা কর্মকর্তারাই ওই ভুলটি করেছেন। টেক-অফের ১০ মিনিট পরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যেখানে সেটি ভেঙে পড়ে তার পাশেই ছিল জনবসতি।
এমআই-১৭ হেলিকপ্টারটি ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।
পুলওয়ামাতে জঙ্গি হামলার প্রতিশোধ নিতেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোট অঞ্চলে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পুলওয়ামা হামলায় ভারতের ৪০ জন সেনা নিহত হয়েছিলেন।
খবর এনডিটিভি।