জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধু এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করেছে। দেশের সব মানুষ যে যার মতো তাদের ধর্ম পালন করে আসছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার রোল মডেল।’
গতকাল শুক্রবার হুইপ দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব-১৯ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও সরকারি অনুদান (জিআর-চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোৎস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বিভাষ বিশ্বাসের স্ত্রী সোনালী বিশ্বাসের হাতে ব্যক্তিগতভাবে এক লাখ টাকার অনুদান দেন হুইপ ইকবালুর রহিম।