পাঠানো বার্তা মুছে ফেলতে বছর-দুয়েক আগে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার বার্তা মুছে ফেলতে আরও একটি নতুন ফিচার আনল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
জি নিউজ জানায়, ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন ফিচারের বিষয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মুছে যাবে পুরনো মেসেজ। নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাট চলাকালীন নিজেই সেট করে নেওয়া যাবে, পাঠানো মেসেজ কতক্ষণ থাকবে। ফলে ব্যবহারকারী যার সঙ্গে চ্যাট করছেন, নির্দিষ্ট সময়ের পর আর তিনি পুরনো মেসেজ খুঁজে পাবেন না। ‘ডিলিট ফর অল’ ফিচারে পুরনো মেসেজ ডিলিটের জন্য সাত মিনিট সময় পান প্রেরক। তার মধ্যে মেসেজ ডিলিট করে দেওয়া হলে প্রাপকও আর সেটি দেখতে পান না।
তবে নতুন ফিচারে স্বয়ংক্রিয়ভাবেই ডিলিট করা যাবে পাঠানো পুরনো মেসেজ। ফলে মেসেজ প্রাপকের কাছে পুরনো কথাবার্তার আর কোনো হদিস থাকবে না।
কতক্ষণ অন্তর ডিলিট হবে পুরনো মেসেজ?
বিভিন্ন টেক পোর্টাল সূত্রে জানা গেছে, কতক্ষণ পর পুরনো মেসেজ ডিলিট হবে, সেটি মেসেজ প্রেরক নিজেই ঠিক করতে পারবেন।
পাঁচ সেকেন্ড থেকে এক ঘণ্টা পর্যন্ত মেসেজের আয়ু স্থির করা যাবে। আর সেই সময়ের মধ্যেই ডিলিট হতে থাকবে পুরনো কথাবার্তা।
নতুন সেল্ফ-ডিস্ট্রাক্ট ফিচারের সাহায্যে পুরনো গোপন মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ফলে, ব্যক্তিগত মেসেজ ও তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনাও কমবে। তবে শুধু হোয়াটসঅ্যাপই নয় এই ফিচার আছে টেলিগ্রাম ও জি-মেইলের মতো অ্যাপেও রয়েছে এই ফিচার। এদিকে হোয়াটসঅ্যাপই নতুন ফিচারের সমালোচনাও করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। তাদের কেউ কেউ মনে করছেন, এর ফলে সুবিধা হতে পারে অসাধু ব্যক্তিদের। গোপনে পাঠানো সংকেত ও মেসেজ নিজে থেকেই নির্দিষ্ট সময় অন্তর ডিলিট হয়ে যাওয়ায় তার হদিস পাবেন না তদন্তকারীরা।