সবেমাত্র দলটির দায়িত্ব নিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। আর এক মাসের মাথায় এমন অবস্থা! মূল দলের সাতজন ফুটবলারকে বেঞ্চে বসিয়ে দিয়েছেন তিনি। বলা হচ্ছে, ম্যারাডোনার কোচিংয়ে থাকা আর্জেন্টাইন ক্লাব জিমেনেশিয়ার কথা। গত মাসে দেশটির শীর্ষ লিগ তালিকায় সবচেয়ে নিচে থাকা দলের দায়িত্ব নেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। সেই থেকে কিছুই নিজেদের পক্ষে যাচ্ছে না। অবশেষে মেজাজ হারিয়ে দলে আমূল বদল এনেছেন।
এই মৌসুমে লিগে মোট ৯ ম্যাচ খেলেছে ম্যারাডোনার দল। ৬ ম্যাচ পর আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নেন ১৯৮৬’র বিশ্বকাপজয়ী মহাতারকা। কিন্তু ম্যারাডোনা এসেও দলের ভাগ্য বদল করতে পারেননি। তার অধীনেই জিমেনেশিয়া হেরেছে তিন ম্যাচ। তাতে টানা সাত ম্যাচ হারের ব্যর্থতা দাঁড়াল ক্লাবটির।
ম্যারাডোনার কোচিংয়ে রেসিং ক্লাব, তালেরেস দি করদোভা ও রিভার প্লেটের কাছে হেরেছে জিমেনেশিয়া। এমন অবস্থায় কঠিন পদক্ষেপ নেন তিনি। দলের সাত ফুটবলারকে রিজার্ভে পাঠিয়ে দেন সামনের ম্যাচের জন্য। পরের ম্যাচে ফেরাবেন কি না তাও নিশ্চিত করেননি। এছাড়া নিজের দলের অনুশীলন সেশন স্থানান্তরিত করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের মূল অনুশীলন ফ্যাসিলিটি মাঠে। ম্যারাডোনার দলের সামনের খেলা পয়েন্ট তালিকার নিচের থেকে দ্বিতীয় গোদয় ক্রুজের সঙ্গে। একধাপ ওপরের দলটির সঙ্গে জিতলে নয় ম্যাচ পর জয়ের দেখা পাবে জিমেনেশিয়া। ম্যারাডোনার রুদ্রমূর্তিতে দলের পারফরম্যান্সের বদল হবে কি?