তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করেন। তিনি মানুষকে ভালোবেসে রাজনীতি করেন। তার জাদুকরি নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশে এখন আর কোনো মানুষ না খেয়ে থাকে না।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত সূচিশিল্প প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার সঙ্গে আপস করেননি। কারণ তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। তাই ফাঁসির মঞ্চের কাছাকাছি গিয়েও তিনি আপস করেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষমতার লোভে নয়, মানুষকে ভালোবেসে রাজনীতি করেন।
আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রাজধানীর সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মঈনুদ্দীন খালেদ, অধ্যাপক জামাল আহমেদ, অধ্যাপক জুনায়েদ হালিম, সূচিশিল্পী ইলোরা পারভীন প্রমুখ বক্তব্য দেন।