রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মাদ্রাসা মাঠসংলগ্ন নাইস কমিউনিটি সেন্টারের ভোটকেন্দ্রের সামনে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এর আগে শুক্রবার সকাল ৮টায় ত্রিবার্ষিক এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী মাহাতাব হোসেন ও মমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে মোট ১১১ জন প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদের চার প্রার্থী হলেন কামাল হোসেন রবি, জাহাঙ্গীর আলম, রজব আলী ও রফিকুল ইসলাম রফিক। সাধারণ সম্পাদক পদে লড়েছেন তিনজন।  প্রার্থীরা হলেন মমিনুল ইসলাম মমিন, মাহাতাব হোসেন চৌধুরী ও সাইরুল ইসলাম।